ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে পেতে রাখা জেলের বড়শিতে ধরা পড়েছে ১৬ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ।
আজ শুক্রবার (২০ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার চালতপাড় এলাকায় মাছটি ধরা পড়ে। ওই জেলে আটশ' টাকা কেজি দরে মাছটি নাসিরনগর আঞ্চলিক মৎস আড়তে বিক্রি করেন।
স্থানীয় সাংবাদিক মিহির দেব জানান, শুক্রবার সকালে নাসিরনগর সদরের মৎস্য বাজারে প্রফুল্ল দাস নামে এক জেলে ১৬ কেজি ৭০০ গ্রামের একটি বোয়াল মাছ নিয়ে আসেন। পরে বাজারে যমুনা মৎস্য আড়তে আটশ' টাকা কেজি দরে মাছটি বিক্রি করা হয়।
তিনি জানান, নাসিরনগর উপজেলা হাওড় বেষ্টিত। দেশীয় প্রজাতির মাছের জন্য এ উপজেলা বিখ্যাত। স্থানীয় চাহিদা মিটিয়ে এ এলাকার মাছ জেলা সদরসহ অন্যান্য এলাকায়ও যায়। উপজেলার বিস্তীর্ণ হাওড়ের পাশাপাশি মেঘনা নদী থেকেও মাছ ধরেন জেলেরা।
নাসিরনগর উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন সমকালকে বলেন, নাসিরনগর উপজেলার চারপাশ হাওর ও নদীতে ঘেরা। এখন নতুন পানি আসছে। তাই মা মাছগুলো বৃষ্টির সাথে সাথে নদীর খুব কাছে চলে আসে।
