ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার টেকানগর এলাকার বাকলংগন নদীতে মৎস্য সম্পদ রক্ষায় ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০’ বাস্তবায়নে এক বিশাল অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
বুধবার (০১ এপ্রিল) পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নাসিরনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাহেল আহমেদ এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব ফাহিমুল আরেফীন।
অভিযান চলাকালে বাকলংগন নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ২৩০টি রিং জাল এবং ১০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব অবৈধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। পরবর্তীতে উদ্ধারকৃত জালগুলো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য ও ভূমি অফিসের কর্মচারীসহ পুলিশ প্রশাসনের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করেন। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতে এই ধরনের ঝটিকা অভিযান আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
