সুমন হত্যাকারীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ


 ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে এবার জমি দখল ও সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। জামিনে মুক্ত হয়ে আসামিরা বেপরোয়া হয়ে ওঠায় পুরো এলাকায় এখন চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ১২ নভেম্বর যে জমিকে কেন্দ্র করে সুমন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেই বিরোধপূর্ণ জমিই এখন জোরপূর্বক দখলের চেষ্টা করছে আসামিরা। উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে এলাকায় ফিরে তারা বাদী ও সাক্ষীদের ওপর প্রতিনিয়ত মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছে।

এলাকাবাসীর অভিযোগ, জমি বিরোধের জেরে পরিকল্পিতভাবে মুর্শিদ মিয়া ও তার সহযোগীরা সুমনকে হত্যা করে। হত্যাকাণ্ডের পরপরই মামলার অন্যতম আসামি আনোয়ার ও দেলোয়ার বিদেশে পালিয়ে যায়। এছাড়া আরেক আসামি শিরইসলাম গত ২৫ ডিসেম্বর পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশ ত্যাগ করেছে বলেও জানা গেছে।

মামলার বাদী আবদুস সাত্তার মিয়া অভিযোগ করে বলেন, আসামিরা জামিনে এসে তাদের ওপর চড়াও হচ্ছে। তারা শুধু জমি দখলের চেষ্টা করছে না, বরং অর্থের বিনিময়ে আপসের প্রস্তাব দিচ্ছে এবং মামলা না তুললে বড় ধরনের ক্ষতির হুমকি দিচ্ছে। এমনকি অজ্ঞাত পরিচয়ে পুলিশ সেজে ফোন করে বিভিন্ন স্থানে দেখা করতে বলায় চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, আসামিরা নিজেদের প্রভাব খাটিয়ে বাদীপক্ষের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করেছে, যা যথাযথ তদন্ত ছাড়াই নথিভুক্ত হয়েছে। বর্তমানে আসামিদের দাপটে সাক্ষীরাও আদালতে সাক্ষ্য দিতে ভয় পাচ্ছেন।

এদিকে, সুমন হত্যায় সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করেও কোন সাড়া পাওয়া যায়নি


Post a Comment

Previous Post Next Post