মধ্যপ্রাচ্যের দুই দেশে দূতাবাস-ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা

 

মধ্যপ্রাচ্যের দুই দেশে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় দেশ দুটিতে থাকা ইসরায়েলি দূতাবাস ও মার্কিন ঘাঁটিকে নিশানা করা হয়েছে। 

শুক্রবার (০৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, বাহরাইনের রাজধানী মানামাতে রাতে ফিনান্সিয়াল হারবার টাওয়ারস কমপ্লেক্সকে নিশানা করা হয়েছে। এ কমপ্লেক্সে ইসরায়েলি দূতাবাস অবস্থিত। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ওই এলাকায় একটি ইরানি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

বাহরাইন প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাহরাইনের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া মোট ৭৮টি ক্ষেপণাস্ত্র ও ১৪৩টি ড্রোন ধ্বংস করেছে। তারা এই হামলাকে বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে সাধারণ জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের মধ্যাঞ্চলের আল খারজ গভর্নোরেট এলাকার পূর্ব দিকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। পরে রিয়াদের অঞ্চলের পূর্বদিকে আরও তিনটি ড্রোনও ভূপাতিত করা হয়।

অন্যদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী দোহার কাছে অবস্থিত আল উইদেদ বিমানঘাঁটি লক্ষ্য করে আসা একটি ড্রোন আক্রমণ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ রয়েছে।

কাতার থেকে প্রতিবেদনে বলা হয়েছে, ভোরের দিকে দোহায় কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে একই ঘাঁটিকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এরমধ্যে একটি আঘাত হানে এবং অন্যটি প্রতিহত করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।



শেয়ার করুন